হবিগঞ্জে পারিবারিক কলহে এক ব্যক্তি নিহত, স্ত্রী-সন্তান কারাগারে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
হবিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস শহিদ (৫৮) ওই এলাকারই বাসিন্দা।
গ্রেপ্তার শহিদের ছেলে মোজাম্মেল আহমেদ পথিক এবং স্ত্রী পিয়ারা বেগমকে হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে আব্দুস শহিদ ও তার স্ত্রী পিয়ারা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে মোজাম্মেল আহমেদ পথিক এসে বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।
ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাতিজা দুলাল মিয়া হত্যা মামলা করেছেন।




