কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী শ্রমিক আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চা পাতা উত্তোলনের সময় আকস্মিক বজ্রপাতে পাঁচ নারী চা শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন— পরি বুনার্জি (৪৫), আলমিনা মুন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরী (৩২) ও রুজিনা নাহার (৪২)।
চা বাগান সূত্রে জানা যায়, দুপুরে বাগানের প্লান্টেশন এলাকায় শ্রমিকরা চা পাতা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে সহকর্মী শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রুজিনা নাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল–এ পাঠানো হয়। বাকি আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
কুরমা চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি নারদ পাসী জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাগান কর্তৃপক্ষ সার্বিক সহায়তা দিচ্ছে।
এদিকে আকস্মিক বজ্রপাতের ঘটনায় চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকরা বৈরী আবহাওয়ার সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আগাম আবহাওয়ার সতর্কবার্তা জোরদারের দাবি জানিয়েছেন।




