পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামের একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছে।
সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনযায়ী, রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফটকের কাছে এ হামলা ঘটে।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি যানবাহনও। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফাটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে বিস্ফোরণের প্রকৃতি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে।
এপিপির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি উল্টে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে।
এম এইচ আ




