মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ধান কাটতে গিয়ে ও অন্যজন রাবার বাগানে কাজের সময় দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায়। তিনি ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
কামারচাক ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান খান বলেন, “ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, একই দিন দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা। রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বজ্রপাতে নিহতের এই বিষয়টি নিশ্চিত করেছেন।




