সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৭ মাস বয়সী হাফিজুর রহমান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা।
এনিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকী ৩৮ শিশু মারা যান হাম উপসর্গে।
বৃহস্পতিবার (২১ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারো শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮৯ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৬ জন শিশু।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জ ১৬ (২ জন রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৮৪ ও সিলেটের ৪২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০, নর্থ ইস্ট হাসপাতাললে ১, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, আল হারামাইন হাসপাতালে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ শিশু ভর্তি হয়েছেন।
এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২৮০ জন সন্দেহজনক রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯, উইমেন্স মেডিকেল হাসপাতাল ২, লায়ন্স শিশু হাসপাতালে ৭, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, আল হারামাইন হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৫, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন শিশু ভর্তি রয়েছেন।




