জাতীয় পুরস্কার পাওয়ায় সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলকে সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ‘সফল সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ায় সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলকে সংবর্ধনা দিয়েছে গ্রিন ডিজেবল ফাউন্ডেশন (জিডিএফ)। গতকাল সোমবার (১৮ মে) সিলেটের জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ আয়োজনে ছিল নানামুখী অনুষ্ঠান।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যতিক্রমী কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী গান ও সম্মাননাপত্র পাঠ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অটিস্টিক ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজের মূল ধারায় তাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পালিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলকে এই জাতীয় পুরস্কার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, “সমাজকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পেছনে ফেলে রাখা যাবে না। তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলের কার্যক্রম প্রশংসনীয়। প্রতিষ্ঠানটি জাতীয় পুরস্কার পেয়ে সিলেটের গৌরব বাড়িয়েছে।”
জিডিএফের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বাসযোগ্য ভবন নির্মাণে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রশাসক।
জিডিএফের উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ। মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: রফিকুল হক, সহকারী পরিচালক, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়, ইকরামুল কবির, সাবেক সভাপতি, সিলেট প্রেসক্লাব, বেলাল আহমদ, সভাপতি, এনজিও ফেডারেশন সিলেট,গোলজার আহমদ, সভাপতি, সিলেট অনলাইন প্রেসক্লাব,শামছুল বাছিত শেরু, প্রধান পরিচালক, সিলেট সম্মিলিত নাট্য পরিষদ,হেরন্ড রশিদ চৌধুরী, সভাপতি, সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুল,আমিন উদ্দিন আহমদ, আইনজীবী ও সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপি।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আবদুল কাদের, রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা হেপী রানী দে, সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলের প্রধান শিক্ষক ও সদস্যসচিব ইসমাঈল গনি হিমন এবং জিডিএফের সভাপতি প্রমেশ দত্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১২ সালে সিলেট জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী স্কুলটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি পায়। সরকারের ‘বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯’-এর আওতায় দেশের যে ৭৪টি বিদ্যালয়কে বিশেষ বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কুমারপাড়ায় অবস্থিত এই স্কুলটি অন্যতম। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি সাধারণ শিশুদেরও চারুকলা, আবৃত্তি, নৃত্য ও সংগীতের বিশেষ শিক্ষা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিডিএফ ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সিলেট আর্ট অ্যান্ড অটিজম স্কুলের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।




