সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত ৩৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নিজাম নামের ৯ মাস বয়সী ওই শিশু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ছিল।
এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। এর মধ্যে ল্যাব পরীক্ষায় চারজনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩১ শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
আজ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূরে আলম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে কারও হাম নিশ্চিত হওয়া যায়নি। তবে এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৮ শিশু। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭৫ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (এর মধ্যে ২ জন রুবেলা) রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৮ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছে। বাকিরা বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমানে চিকিৎসাধীন ৩২১ জন শিশুর মধ্যে সর্বোচ্চ ১০৮ জন ভর্তি রয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি রয়েছে। বাকি শিশুরা বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।




