সিলেট নগরে তালা ভেঙে মাদরাসার দানবাক্সের টাকা চুরি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 16 May 2026, 9:37 PM
সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসায় গত বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে একটি চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় ৩টা ৪৬ মিনিটে একটি সাদা রঙের প্রাইভেট কার মাদরাসার সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুইজন যুবক নামে। তারা একটি ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে।
প্রথমে তারা কিছু টাকা নিয়ে গাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে দানবাক্সে থাকা বাকি টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, একই রাতে নগরীর আরও কয়েকটি মসজিদেও একই কায়দায় একই গাড়ি ব্যবহার করে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়াতে হবে এবং দ্রুত চক্রটিকে গ্রেফতার করতে হবে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে গাড়ির নম্বর বা চোরদের মুখ স্পষ্ট না হওয়ায় শনাক্ত করতে সময় লাগছে।
পুলিশ আরও জানিয়েছে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও তারা স্বপ্রণোদিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।




