সিলেটে উদ্বেগজনক হয়ে উঠছে হাম পরিস্থিতি
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ শিশু। বাড়তে থাকা রোগীর চাপ সামাল দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ৫ শয্যার একটি আইসিইউ সেন্টারের কার্যক্রম।
মঙ্গলবার (১২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন হলো কাজলশাহ এলাকার ইকবাল হোসেনের ৭ মাস বয়সী মেয়ে ইকরা জান্নাত। অপরজন কোম্পানীগঞ্জ উপজেলার লামা ডিসকভারি গ্রামের শাকিল আহমদের ১০ মাস বয়সী ছেলে মারওয়ান হোসেন। তারা দু’জনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। এর মধ্যে তিনজনের শরীরে পরীক্ষায় হাম রোগ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে ৭৩ জন, সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দু’জন রুবেলায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৪ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৮৯ শিশু।
প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে। এ অবস্থায় চিকিৎসা সেবা জোরদারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু ইউনিট চালুর পাশাপাশি বিশেষায়িত আইসিইউ সুবিধাও যুক্ত করা হয়েছে।
এম এইচ আ





