হবিগঞ্জে হানিফ বাসের চাপায় যুবদল নেতা নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মনিরুজ্জামান ফারুক খান ( ৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারুক মোটরসাইকেল যোগে বাহুবল সদরে আসার সময় সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের মৌচাক এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।




