শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৫ লাখ টাকাসহ গ্রেফতার ৭
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির নগদ ৫লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আরও ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে মোট ৭জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (উপ-পরিদর্শক) মামুন হোসাইনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, এলবিন টিলার মৃত সুব্রত বুনার্জীর ছেলে গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), এবং রাজকি চা বাগানের মৃত গোবিন্দ বুনার্জীর ছেলে সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)। উভয়ের বাড়ি জুড়ী উপজেলায়।
এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে চুরি মামলায় ২জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২জন এবং নিয়মিত মামলার আরও ১জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।




