মৌলভীবাজারে এসএ পরিবহনের কভার্ডভ্যানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
বুধবার (৬ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুসুমবাগ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।
পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কভার্ডভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ঔষধ, চকোলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা। এছাড়া জব্দ হওয়া কভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(B)১(বি)/২৫(D) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




