সিলেটে হামে মৃত শিশুর সংখ্যা ২০, নতুন করে প্রাণ গেল আরও একজনের
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 07 May 2026, 9:05 PM
সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২০।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ১৪১ জন ল্যাব-কনফার্মড হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ২৬৩ জন রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল-এ চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে শিশুদের হাম-রুবেলা টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।




