শাহজালালের ৭০৭তম ওরস শুরু, ‘লালে লাল’ ধ্বনিতে মুখর মাজার
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : 07 May 2026, 12:36 PM
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় মাজার কর্তৃপক্ষের গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে দলে দলে ভক্ত-আশেকানরা মাজারে প্রবেশ করে গিলাফ চড়ান। এসময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা।
দুই দিনব্যাপী এই ওরস আগামী শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-অনুরাগীরা মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
তিনি আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। এছাড়া মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের পৃথক টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
ওরস উপলক্ষে মাজারে বিশেষ সাজসজ্জা করা হয়েছে এবং ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ ধারণ করেছে।




