সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন নেতৃত্ব, দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 05 May 2026, 10:15 PM
সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি দায়িত্বভার নেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি–এর একটি পরিপত্রের মাধ্যমে গত ১৯ এপ্রিল তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি নুরুল ইসলাম সাজু ভার্চ্যুয়ালি যুক্ত হন। উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, এক্সিকিউটিভ কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট শামসুর রহমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট অফিসার কণিকা তালুকদারসহ অন্যান্যরা।




