বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে লাফার্জহোলসিমের সচেতনতামূলক কর্মসূচী
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিমের উদ্যোগে বজ্রপাতের সময় মৃত্যু ঝুঁকি কমাতে মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৪মে) লাফার্জহোলসিমের সুরমা প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বজ্রপাতের সময় কী করা যাবে এবং কী করা যাবে না সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বলা হয়েছে, উন্মুক্ত স্থান সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাই যত দ্রুত সম্ভব উন্মুক্ত স্থান পরিত্যাগ করতে হবে; পানির সংস্পর্শ পরিত্যাগ করতে হবে অর্থাৎ বজ্রপাতের সময় গোসল না করা, থালা বাসন না ধোয়া ইত্যাদি; নদীর মাঝে থাকলে যত দ্রুত সম্ভব তীরে পৌঁছাতে হবে; বিচ্ছিন্ন এবং লম্বাকৃতির যে কোন বস্তুর নিচে আশ্রয় নেয়া যাবে না যেমন গাছ, বৈদ্যুতিক পিলার ইত্যাদি কেননা বজ্রপাত প্রথমেই এই ধরনের বস্তুকে লক্ষ্য করে।
উদ্বোধনী অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর কান্ট্রি ইনভায়ারনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন, ডিজিএম হেলথ অ্যান্ড সেফটি শহীদুর রহমান, ডেপুটি ম্যানেজার সিএসআর ও কমিউনিটি ডেভেলপমেন্ট লায়লা পারভীন হিমেল এবং ডেপুটি ম্যাানেজর হেলথ অ্যান্ড সেফটি অশোক চৌধুরী উপস্থিত ছিলেন।
লাফার্জহোলসিম এর পক্ষ থেকে জানানো হয়েছে এই সচেতনতামূলক কার্যক্রম পুরো মে মাস জুড়েই চলবে এবং সুরমা প্ল্যান্টের পাশ্ববর্তী প্রায় ৪০টি গ্রামে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিলেটসংবাদ/হা





