সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদলের পাশাপাশি বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ ও একটি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি ও ট্রাউজার জব্দ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।
আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।





