যেভাবে সারাদেশে নতুন কুড়ি স্পোর্টস এর পরিকল্পনা-জানালেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
লন্ডনের এক রেস্টুরেন্টে খাবার টেবিলে আলাপচারিতায় বাংলাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এই মেগা ক্রীড়া কর্মসূচির উদ্বোধনকালে এ্ই চমকপ্রদ তথ্য জানান প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী । তবে এর আগে থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। বিকেল পৌনে ৪টায় জাতীয় সঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল সুর বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীসহ গ্যালারিতে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সিলেটের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থীরা।
উদ্বোধনকালে নিজের স্মৃতিচারনকালে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমি তখন লন্ডনে থাকতাম। তখন আমার সাথে তোমাদের আন্টি (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান), আমিনুল (বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক) ও কয়সার গিয়েছিল। তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। একপর্যায়ে খাবার টেবিলে বসে স্পোর্টস নিয়ে কথা বলতে বলতে ঠিক করলাম আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করব বাংলাদেশে।”
মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, “এটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ হবে।”
ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই হচ্ছো বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। বড় বড় ডাক্তার, ল-ইয়ার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তৈরি হবে। এবং তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে, এই দেশকে তোমরা নেতৃত্ব দেবে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের।”




