মৌলভীবাজারে মনুনদীর ভাঙ্গনে মসজিদ ও মক্তব সহ ৭টি বাড়ি নদীগর্ভে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের চাঁনপুর ও শাওইজুরী এলাকায় মনুনদীর ভাঙ্গনে মসজিদ ও মক্তব সহ ৭টি বাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে।
স্থানীয় এলাকাবাসি জানান,হঠাৎ করে মঙ্গলবার রাত থেকে ভাঙ্গন দেখা দেয়। এতে মনুনদীর তীরবর্তী চাঁনপুর ও শাওইজুরী জামে মসজিদ, মক্তব, কবরস্থানসহ পার্শ্ববর্তী আর ৭টি বাড়ি ভাঙ্গনের কবলে পড়ে। এরমধ্যে বসতঘরসহ কয়েকটি বাড়ির আংশিক নদীগর্ভে বিলিন হয়। ভাঙ্গন দেখে বসত ঘরের আসবাবপত্র দ্রুত অন্যত্র সরিয়ে নেন। সকলের সহযোগিতায় প্রাণহানী ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে তারা রক্ষাপান।
শুক্রবার (১ মে) সরেজমিন গেলে চাঁনপুর ও শাওইজুরী এলাকার ক্ষতিগ্রস্থ সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন থেকে তাদের আশপাশ প্রায় অর্ধ কিলোমিটার নদী ভাঙ্গন রোধে কোন প্রদক্ষেপ নেয়া হয়নি। অব্যাহত ভাঙ্গনের কারনে ওই এলাকার বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। নদীর দক্ষিণপাড়ে দীর্ঘ চর জেগে উঠায় তা অপসারণ না করায় নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই দু’টি গ্রামসহ আরও কয়েকটি গ্রাম নদী ভাঙ্গনে চরম হুমকিতে রয়েছে।
ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা জানান পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার ধর্না দিয়েও কোনো কাজ হয়নি। তারা ক্ষোভের সাথে বলেন সময়মতো শুস্ক মৌসুমে এখানে সংস্কার কাজ হলে আজকে মসজিদ,কবরস্থান ও বাড়িঘর নদীগর্ভে বিলিন হতনা। নদী ভাঙ্গনের খবর পেয়ে সবাই আসছেন ও সাড়া দিচ্ছেন। আগে আসলে এমনটি হতনা।
ক্ষতিগ্রস্থরা হলেন চাঁনপুর ও শাওইজুরী খাদিজা বেগম, রসময় মালাকার,হরিময় মালাকার, মতাই মিয়া,মছলম মিয়া, আরতি রানী মালাকার, শুকময় মালাকার ।
এবিষয়ে বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন ভাঙ্গন রোধে আমাদের কাজ চলমান রয়েছে। ওই এলাকার ৪ শ মিটারের বেশি উন্নয়ন কাজ আমাদের প্রকল্পের আওতায় রয়েছে। বিষয়টি আমাদের তদারকিতে আছে। এই মুহুর্তে আলাদা ভাবে কিছু করার নেই।
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের আসবাবপত্রসহ তাদেরকে নিরাপদে অন্যত্র সরাতে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হয়। তাছাড়া তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়। মসজিদ,কবরস্থান ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর ঘরবাড়ি পুনরায় নির্মাণের জন্য টিনসহ অন্যান্য সহযোগিতা বরাদ্দের জন্য চাহিদা সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।



