আজমিরীগঞ্জে পাকা ধান তলিয়ে গেছে পানিতে, দুশ্চিন্তায় কৃষক
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার সময় শ্রমিকসংকটের মধ্যেই নতুন করে বিপাকে পড়েছেন কৃষকেরা। কয়েক দিনের টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় উপজেলার বিভিন্ন হাওড়ের নিম্নাঞ্চলের পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ১৫৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে বদলপুর, সদর ইউনিয়ন, জলসুখা, শিবপাশা ও কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন হাওড়ে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে।
আজ বুধবার সরেজমিনে বদলপুর ও সদর ইউনিয়নের কয়েকটি হাওড় ঘুরে দেখা যায়, নিচু জমিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। কোথাও কোথাও কৃষকেরা ডুবন্ত জমি থেকে ধান কাটার চেষ্টা করছেন। কেউ আবার নৌকায় করে কাটা ধান শুকনা জায়গায় এনে জড়ো করছেন।
বদলপুর ইউনিয়নের কাটাখালি গ্রামের কৃষক শীবলাল দাস বলেন, চার একর জমি ইজারা নিয়ে আবাদ করেছিলেন। এতে দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু এখনো ধান কাটতে পারেননি। তিনি বলেন, “ইজারার টাকা কীভাবে দেব, পরিবার কীভাবে চালাব—বুঝতে পারছি না।”
আরেক কৃষক হরিপদ দাস বলেন, ১৭ বিঘা জমিতে আবাদ করেছিলেন। মাত্র ২ বিঘা জমির ধান কাটতে পেরেছেন, বাকি জমির ধান পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রমিকসংকটের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত বাকি ধান কাটার কাজ শেষ করা যাবে বলে আশা করছেন তিনি।




