সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অন্তত ৪০ জন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন আগে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থেকেই যায়।
মঙ্গলবার দুপুরে সরকারি খাল দিয়ে হাওর থেকে ধান আনা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




