মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৩০ গ্রাম প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৬০০ হেক্টর বোরো ধানসহ বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার কৃষকেরা।
সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাতের পর উজান থেকে নেমে আসা ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। কুলাউড়ার গোগালিছড়ার বাঁধ ভেঙে সদর ইউনিয়ন ও জয়চণ্ডী ইউনিয়নের একাধিক গ্রামে পানি ঢুকে পড়ে। এতে বোরো ধান, আউশের বীজতলা ও শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে।
অন্যদিকে কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাঁও এলাকায় বালিয়াছড়ার বাঁধ ভেঙে এবং কয়েকটি স্থান দিয়ে পানি উপচে পড়ে প্রায় ৫০০ হেক্টর বোরো ক্ষেত তলিয়ে যায়। ধান কাটার আগ মুহূর্তে মাঠের ফসল পানিতে ডুবে যাওয়ায় শত শত কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন তারা। এখন ফসল হারিয়ে অনেকেই নিঃস্ব হওয়ার শঙ্কায় রয়েছেন। কেউ কেউ বুকসমান পানিতে নেমে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন।
কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আমিনা বেগম বলেন, দীর্ঘদিন ছড়া খনন না হওয়ায় তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রতিবছরই বাঁধ ভেঙে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সিংহ জানান, পাহাড়ি ঢলে বালিয়াছড়ার পানি উপচে ও বাঁধ ভেঙে প্রায় এক হাজার হেক্টর বোরো ধান প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করেছে, কোথাও কোথাও রাস্তা তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।




