সিলেটে আরও ২৩ শিশুর হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি আরও ৪৩
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
সিলেট বিভাগে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ৫ মাস। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিন্নাতপুর গ্রামের বাসিন্দা। সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও ২৩ শিশুর হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ১০৪ জনের হাম শনাক্ত হয়েছে।
জেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে ৭ জন (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৫৫ জন এবং সিলেট জেলায় ২৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪৩ শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন এবং অন্যান্য হাসপাতালেও কয়েকজন করে ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯২ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৯৫ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৫ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম বলেন, হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে। তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং টিকাদান ক্যাম্পেইনও অব্যাহত আছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।




