নতুন ভিসি পেলো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে চার বছর এবং দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ায় তার প্রতি আমি কৃতজ্ঞ।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের প্রতিষ্ঠানে গড়ে তুলতে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন না, তবে ছয় মাসের মধ্যে তাকে সিলেটে এনে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার চেষ্টা করা হবে।
এছাড়া এ বিশ্ববিদ্যালয় শুধু হাসপাতাল নয়, গবেষণার কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে এবং সিলেটের স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





