সিলেটে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৯০, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা ১৫২
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
সিলেট নগরে বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার সিলেট মহানগর পুলিশ-এর মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১২ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জন রয়েছেন। এছাড়া সন্দেহভাজন হিসেবে ৩১ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৩২ জনকে আটক করা হয়। অটোরিকশাসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, একই সময়ে যানবাহনের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। ১১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ৫৩টির বিরুদ্ধে মামলা এবং ৬৬টি যানবাহন আটক করা হয়।
মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। আটক যানবাহনের তালিকায়ও একই ধরনের বিভিন্ন যানবাহন রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




