শ্রীমঙ্গলে কিশোর হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আলোচিত কিশোর হত্যা মামলায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ মিয়া (২৪), জুয়েল মিয়া (২৭), মতিন মিয়া (৩১), কাউছার মিয়া (১৯) এবং প্রধান আসামি আলামিন (২২)।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় তদন্ত কর্মকর্তা এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আলীশারকুল গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে কমলগঞ্জের পতনউষার এলাকা থেকে একজন এবং জগন্নাথপুর থেকে প্রধান আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তার মারুফ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত কিশোরের ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গলের বাধানিশা এলাকার একটি নির্জন স্থানে জুনায়েদ মিয়া (১৫)কে হত্যা করা হয়। তিনি ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা রমিজ মিয়ার ছেলে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।





