ছাতকে সীমানা প্রাচীর নিয়ে বিরোধ, বোনের ধাক্কায় ভাইয়ের মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ার জেরে চাচাতো বোনের ধাক্কায় ইসাদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসাদ আলী ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসাদ আলীর চাচাতো বোন যুক্তরাজ্য প্রবাসী জবই বেগম তাঁর নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এতে ওই এলাকার অন্তত ৩০-৩৫টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে বুধবার সকালে ইসাদ আলী তাঁর বোন জবই বেগমকে বাধা দিলে দুইজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত অবস্থায় জবই বেগম তাঁর ভাইকে জোরে ধাক্কা দিলে ইসাদ আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মুরছালিনসহ ছাতক থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সহকারী পুলিশ সুপার শেখ মুরছালিন জানান, “প্রাথমিকভাবে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





