শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধে চাচা আহত
মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা গুরুতর আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি। সর্বশেষ জরিপ করে রাস্তার সীমানা নির্ধারণ করা হলেও অভিযুক্তরা তা মানেননি।
এ অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুল হক চৌধুরীর ওপর হামলা চালায়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত ব্যক্তির বড় ভাই বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযুক্তদের একজন দাবি করেছেন, এটি তুচ্ছ ঘটনা এবং কোনো হামলার ঘটনা ঘটেনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





