সংসদে নাসেরের জরুরি নোটিশ পর্যটন বিকাশে শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে একটি বেসামরিক বিমানবন্দর স্থাপনের দাবিতে জাতীয় সংসদে জরুরি নোটিশ উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১-এর আওতায় জনগুরুত্বসম্পন্ন বিষয়ে এই মনোযোগ আকর্ষণকারী নোটিশটি দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নোটিশে এম. নাসের রহমান উল্লেখ করেন, পর্যটন জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও হাকালুকি হাওরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত সহজ করতে শমশেরনগর বিমানঘাঁটির একটি অংশকে বেসামরিক বিমান চলাচলের উপযোগী করা জরুরি। তিনি জানান, পাকিস্তান আমল থেকে ব্যবহৃত এই ঘাঁটির রানওয়ে ও অবকাঠামো থাকলেও স্বাধীনতার পর তা বেসামরিক খাতে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে পর্যটক ও প্রবাসীরা দীর্ঘদিনের ভোগান্তিতে রয়েছেন। তাঁর এই উদ্যোগের পাশাপাশি কয়েকদিন আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীও একই দাবি তোলায় কমলগঞ্জবাসী দুই জনপ্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন।
সংসদে উত্থাপিত এই নোটিশের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, শমশেরনগর বিমানঘাঁটি বর্তমানে বিমানবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান। তবে তিনি আশ্বস্ত করে বলেন, বিমানবন্দরটির বাণিজ্যিক ব্যবহারযোগ্যতা যাচাইয়ে বর্তমানে ‘ফিজিবিলিটি স্টাডি’ বা কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। মন্ত্রী আরও জানান, সীমান্তের কাছাকাছি অবস্থান এবং বর্তমান অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও পর্যটন উন্নয়নের বিষয়টি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয়দের আশা, দুই সংসদ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর মাধ্যমে জেলার অর্থনৈতিক ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।




