হাম-রুবেলা টিকাদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে নগরের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সিটি কর্পোরেশন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন-এর সম্মেলন কক্ষে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সকাল ১০টায় নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কর্মসূচির উদ্বোধন করবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, জনবল সীমিত হলেও অতিরিক্ত কর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে এই ক্যাম্পেইন সফল করা হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। সিসিক এলাকায় মোট ৬৮ হাজার ৫৪০ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে; প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এ কার্যক্রম চলবে।
সভায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর ডা. ফজলুল কাদের এবং ইউনিসেফ-এর ডা. নভজ্যোতি দে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, ধর্মীয় প্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এইচ আ




