সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে এলাকায় ফের উত্যক্ত ও ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই ওয়াকওয়েতে ওসমানী মেডিকেল কলেজ-এর এক ছাত্র ও এক ছাত্রীকে উত্যক্ত ও টাকা দাবির ঘটনায় একজনকে আটক করা হয়েছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, রাত ১১টার দিকে ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এ সময় একদল যুবক এসে তাদের ঘিরে ধরে।
তারা স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে নানা ধরনের হয়রানি শুরু করে এবং একপর্যায়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মো. আছাদ আলীর ছেলে সাদিকুল হক সাদিক (২০), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিন্ধি গ্রামের রসরাজ বিশ্বাসের ছেলে অর্পন বিশ্বাস (২১) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামের শওকত আহমেদের ছেলে রিফাত (২২)।
পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এম এইচ আ





