সিলেটে গণবিবাহে ৬৩ দম্পতির নতুন জীবন শুরু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 17 April 2026, 3:01 PM
সিলেট নগরীতে ব্যতিক্রমী ও মানবিক এক আয়োজনে ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বৃহস্পতিবার নগরীর আমানউল্লাহ কনভেনশন হল-এ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গণবিবাহ সম্পন্ন হয়।
মানবিক সংগঠন সিডস অব ব্লেসিংস-এর উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন সিডস অব সাদাকাহ-এর অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ৬৩টি দম্পতির বিয়ে সম্পন্ন হয়।
অভাব-অনটনের কারণে যাদের বিয়ের স্বপ্ন দীর্ঘদিন ধরে অপূর্ণ ছিল, এই উদ্যোগ তাদের জীবনে এনে দেয় নতুন সম্ভাবনা। শুধু বিয়েই নয়, নবদম্পতিদের স্বাবলম্বী জীবন শুরুতে সহায়তা করতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মো. জয়নুল আবেদিন বলেন, “গণবিবাহের মাধ্যমে শুধু একটি সামাজিক দায়িত্বই পালন করা হচ্ছে না, বরং অনেকের জীবনে স্থায়ী পরিবর্তনের পথ তৈরি হচ্ছে।”
অনুষ্ঠানের আরেক আয়োজক ডা. ওরাকাতুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেওয়া নবদম্পতিদের মুখে ছিল স্বস্তি ও আনন্দের হাসি। দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন জীবনের পথে যাত্রা শুরু করে তারা—যেখানে আছে স্বপ্ন, আশা আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি।
এম এইচ আ




