নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি বাঁধের কাজ, ক্ষোভ কৃষকদের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সনাক জানায়, কাবিটা নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণের সময় ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরও অনেক হাওরে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।
সনাকের মতে, হাওরাঞ্চলের কৃষকেরা মূলত বোরো ধানের ওপর নির্ভরশীল। এই ফসল ঘরে তুলতে না পারলে কৃষক পরিবারগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়ে। তাই বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির দায় রয়েছে।
প্রতি বছর সরকার হাওরের ফসল রক্ষায় বিপুল বরাদ্দ দিলেও মাঠপর্যায়ে তদারকির অভাব এবং সময়মতো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না বলে অভিযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড-এর সঙ্গে ২০১৭ সালের পর থেকে প্রশাসনকে সরাসরি যুক্ত করা হলেও বাস্তব চিত্রে উন্নতি খুব একটা চোখে পড়ছে না বলে মনে করছে সংশ্লিষ্টরা।
জেলায় কৃষকদের পক্ষে সোচ্চার হাওর বাঁচাও আন্দোলন ও হাওর ও নদী রক্ষা আন্দোলনসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণে অনিয়ম, গাফিলতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে দুর্নীতির অভিযোগ তুলে আসছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এ বছর জেলায় ৬০২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য ৭১০টি প্রকল্প নেওয়া হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ১৪৫ কোটি টাকা। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এখনো অনেক হাওরে কাজ অসম্পূর্ণ রয়েছে।
সনাক বিজ্ঞপ্তিতে আরও জানায়, বৃষ্টির আগে বাঁধ নির্মাণ শেষ করা না হলে তা দুর্বল হয়ে পড়ে এবং উজানের পাহাড়ি ঢলের চাপ সামলাতে পারে না। ফলে কৃষকের স্বপ্নের ফসল হুমকির মুখে পড়ে।
তারা অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সনাক বলছে, “আমরা কৃষকের কান্না নয়, তাদের মুখে হাসি দেখতে চাই।” এজন্য প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এম এইচ আ




