নির্ধারিত দামে মিলছে না এলপিজি, সিলেটে চলছে ‘সিলিন্ডার নৈরাজ্য’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
সিলেটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ অব্যাহত রয়েছে। সরকার দাম সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২ হাজার টাকার কাছাকাছি বা তারও বেশি দামে।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দাম বৃদ্ধির আগে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হতো। তবে নতুন মূল্য নির্ধারণের পরও বাজারে স্বস্তি ফেরেনি। বরং এখন ভোক্তা পর্যায়ে সর্বনিম্ন দাম প্রায় ২ হাজার টাকা।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৩৫ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ৫ হাজার ৫০০ টাকায়। এর সঙ্গে হোম ডেলিভারি খরচ যোগ হওয়ায় ভোক্তাদের ব্যয় আরও বাড়ছে বলে অভিযোগ।
বিক্রেতাদের দাবি, কোম্পানি পর্যায় থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে সরকারি দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ঘাটতির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলেও জানান তারা। তবে ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।
একজন পাইকারি ব্যবসায়ী জানান, পরিবহন ও পরিচালন ব্যয় স্থিতিশীল থাকলেও দাম বৃদ্ধির কারণে চাহিদা কমে গেছে। এতে বাজারে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ভোক্তারা বলছেন, হঠাৎ দামের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে পাইকারি ক্রয়মূল্যের জটিলতার কারণে অনেক ক্ষেত্রে সরাসরি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।
এদিকে প্রশাসনের কঠোর মনিটরিং ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা না এলে এলপিজি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম এইচ আ





