বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 03 February 2026, 6:18 PM
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তাঁর মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তার প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত গায়ক নোবেল, তাঁর মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা—এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়া হয়। অন্য আসামিরা এ কাজে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আরও জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।




