বিয়ানীবাজারে সাবেক ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম এর বাড়িতে পুলিশের অভিযান
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 23 September 2025, 1:24 AM
বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাপুর নিবাসী সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য প্রবাসী, আশরাফুল ইসলাম কে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার রাত ৯ ঘটিকার সময় বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলার আব্দুল্লাপুর গ্রামে এ অভিযান করে। তবে উক্ত অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উজ্জামান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরো জানা যায়, আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে ২০২৩ সালে সিলেট কোতয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলায় আদালত হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, উক্ত পুলিশি অভিযানের সময় পুলিশ সদস্যরা আশরাফুল ইসলামকে না পেয়ে তার পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে এবং ভয় ভীতি প্রদর্শন করে।
উল্লেখ্য আশরাফুল ইসলামের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু থাকায় তাকে গ্রেফতার করার লক্ষ্যে বারবার তার বাড়ীতে পুলিশ অভিযান করে থাকে, যার ফলে আশরাফুল ইসলামের পরিবারের সদস্যরা সর্বদা পুলিশি হয়রানির আতঙ্কে থাকেন বলে জানা যায়।




