মৌলভীবাজারে চা-দোকানিকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 12 October 2026, 6:16 PM
মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকায় চা-দোকানি দুরুদ মিয়াকে হত্যার দায়ে ছাদিক মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১২ জুন সকালে নারাইনপাশা এলাকার চা-দোকানি দুরুদ মিয়া তার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ছাদিক ঘটনাস্থল থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি অন্যদের সঙ্গে নিয়ে ফিরে এসে দুরুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহত দুরুদ মিয়ার ছেলে মকবুল মিয়া আটজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছাদিক মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়ামুল হক বলেন, দ্রুত সাক্ষ্য গ্রহণ ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে রায় দেওয়ায় বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছেন।
মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রকৃত অপরাধীর সাজা হলে বাদীপক্ষের পাশাপাশি আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে।
রায় ঘোষণার পর নিহত দুরুদ মিয়ার স্বজনেরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মধ্য দিয়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাদিক মিয়া ও তার স্বজনেরা আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. বিল্লাল হোসেন।
এম এইচ আ



