ছদ্মবেশ বদলে আত্মগোপন, সিলেটে গ্রেপ্তার ‘মাছচোরা রাজীব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 08 September 2026, 11:44 AM
সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হলো না সিলেটের চিহ্নিত অপরাধী রাজীব ওরফে ‘মাছচোরা রাজীবের’। দীর্ঘদিন আত্মগোপনে থাকা পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি রাজীবকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি যৌথ দল। এ সময় তাঁর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে নগরের কাষ্টঘর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম ও ডিবি সিআরটি স্পেশাল টিমের ইনচার্জ এসআই (নিঃ) মিজানুর রহমান। তাঁদের সঙ্গে পুলিশের একটি দলও ছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজীব কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর ২৪(৮)২৬-এর পুলিশ এসল্ট মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিলেন রাজীব। নিজের পরিচয় গোপন রাখতে বিভিন্ন সময় ছদ্মবেশে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের আগে তিনি সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে শেষ পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, রাজীব নগরের একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যত কৌশলেই আত্মগোপন করুক, তাঁদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলবে।
সিলেট/এম এইচ আ



