হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : 29 August 2026, 6:06 PM
হবিগঞ্জ সদর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে তাঁদের মাদক বিক্রির অভিযোগে আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। এ সময় তাঁদের মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।
এ ঘটনার পর আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়া (৩৫)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এম এইচ আ



