শনিবার সিলেট আসছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 14 August 2026, 9:23 PM
শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এক দিনের সফরে আগামীকাল শনিবার সিলেট আসছেন। দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ জানান, শনিবার সকাল সোয়া ১১টার দিকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেখান থেকে সাড়ে ১১টার দিকে নগরের ধোপাদিঘীরপার এলাকার হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে যাবেন তিনি।
হোটেলটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।
এরপর বিকেল চারটায় নগরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। বিকেল পাঁচটায় উপশহর এলাকায় সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন করবেন।
সফরের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ছয়টায় ইসলামপুরের শাহজালাল উচ্চবিদ্যালয়ে ৩২ নম্বর ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সঙ্গে মতবিনিময় করবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
মতবিনিময় সভার মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শেষ হবে। পরে রাত সাড়ে আটটার দিকে বিমানযোগে সিলেট ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
এম এইচ আ



