সিলেটে নিহত দম্পতির জানাজায় মানুষের ঢল, দ্রুত বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 14 August 2026, 9:02 PM
সিলেট নগরের রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তাঁদের জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজায় ইমামতি করেন হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
জানাজার আগে নিহত দম্পতির ছেলে যুক্তরাজ্যপ্রবাসী আরিফ ইফতেখার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।
আরিফ ইফতেখার বলেন, তাঁর বাবা-মায়ের সঙ্গে কারও কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন। তাঁদের কাছে কারও কোনো পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানান তিনি।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শান্তির নগরী হিসেবে পরিচিত সিলেটে অতীতে এ ধরনের নৃশংস ঘটনা খুব কমই ঘটেছে।
তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় সিলেট মহানগর পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। ঘটনার নেপথ্যে কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার আদালতের মাধ্যমে মামলাটির দ্রুত নিষ্পত্তি করে নিহতদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জানাজায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিপুলসংখ্যক নগরবাসী জানাজায় অংশ নেন। জানাজা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
জানাজা শেষে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মরদেহ নগরের মানিকপীর (রহ.) কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
এম এইচ আ



