শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 06 August 2026, 2:49 PM
সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদরুল ইসলাম চৌধুরী।
পিপি বদরুল ইসলাম চৌধুরী বলেন, মামলার প্রধান আসামি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। উচ্চ আদালতের অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকর হবে।
তিনি আরও বলেন, মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, গত ৭ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট এনে দেওয়ার কথা বলে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর সে অচেতন হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে লাশ একটি স্যুটকেসে দুই দিন ঘরে রেখে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়।
ঘটনার ৩৩ দিন পর পুলিশ জাকির হোসেন ও তাঁর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গত ১ জুলাই বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে প্রায় এক মাসের বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।
এম এইচ আ



