সিলেট–জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই শুরু, সচিবদের নিয়ে পরিদর্শনে মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 01 August 2026, 6:05 PM
সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শনিবার সিলেট সফর করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার দুপুরে আন্তনগর পারাবত এক্সপ্রেসে সিলেটে পৌঁছে মন্ত্রী বাসযোগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। সফরে সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি সিলেট জেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেছিলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে রেলওয়ের প্রকৌশলীরা সম্ভাব্যতা যাচাই করবেন। এরপর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) পরিচালিত হবে।
মন্ত্রী তখন আরও বলেন, জাফলং পর্যন্ত রেলপথ চালু হলে পণ্য পরিবহনে ব্যয় কমবে এবং জাফলং-সিলেট রুটে সহজে মালামাল আনা-নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতও সহজ হবে।
এর আগে ট্রেনে সিলেটে আসার পথে মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
সকাল ১১টার দিকে পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির সময় মন্ত্রী ও সফরসঙ্গী কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে রেলসেবার বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তারা।
সফরসূচি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন ও রেললাইনের অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় উন্নয়নকাজের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত নেবেন।
এম এইচ আ



