সিলেটে হামলার অভিযোগ, সরকারের কাছে নিরাপত্তা চাইল এনসিপি
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 29 July 2026, 5:13 PM
সব রাজনৈতিক দলের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি। পাশাপাশি সিলেটে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং আগামী ৩০ ও ৩১ জুলাইয়ের পদযাত্রা কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।
সংবাদ সম্মেলনে জুনেদ আহমদ বলেন, কয়েক দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো ধরনের মব হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাঁর ভাষ্য, রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার। কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হবিগঞ্জের রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ করেন জুনেদ আহমদ। তবে অভিযোগগুলোর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
জেলা পর্যায়ে মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্যসচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খান, সিনিয়র সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, শামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।
উপজেলা পর্যায়ে মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উসমানীনগরের হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জের উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাটের মনসুরুল হাসান। এছাড়া ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের নামও ঘোষণা করা হয়।
এম এইচ আ




