সিলেট ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 17 July 2026, 3:32 PM
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ধর্মীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় গুরুদের দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মন্ত্রী বলেন, সিলেটে যেমন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজ চলমান রয়েছে, তেমনি মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার সব সম্প্রদায়ের জন্য সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ভারতের সহকারী হাইকমিশনার, চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্স পরিচালনা কমিটির নেতারা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এইচ আ



