হবিগঞ্জের দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 08 July 2026, 4:45 PM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে এক বাসচালক নিহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক কিশোর যাত্রী। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল আটটার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের দড়ি চরিয়াকোনা গ্রামের বাসিন্দা ও ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম রুবেল (৫১) এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নুর মোহাম্মদ (১৫)। দুর্ঘটনায় আহত হওয়ার পর নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক কিশোর যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ



