১৯ দিনের ব্যবধানে আবারও প্রকাশ্যে গণনা হবে মাজারের দানবাক্সের টাকা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 08 July 2026, 4:36 PM
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা আবারও প্রকাশ্যে গণনা করা হবে। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত নতুন কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার (১২ জুলাই) এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্সের টাকা গণনা করা হবে। এ কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এর ফলে প্রথমবার প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনার ১৯ দিন পর দ্বিতীয়বারের মতো উন্মুক্ত স্থানে এ কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।
গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করে আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি পুরোনো দানবাক্স সিলগালা করা হয়।
পরে ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত প্রথা ভেঙে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স খোলা হয়। প্রকাশ্যে গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। ওই অর্থ সোনালী ব্যাংকে জেলা প্রশাসনের নামে খোলা একটি নির্ধারিত হিসাব নম্বরে জমা রাখা হয়।
এ উদ্যোগকে ঘিরে জেলা প্রশাসকের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়। একদিকে অনেকে এটিকে স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে স্বাগত জানান, অন্যদিকে প্রশাসনের মাধ্যমে মাজারের দান ব্যবস্থাপনা পরিচালনার বিষয়ে আপত্তি তোলেন কেউ কেউ। এ বিতর্কের মধ্যেই সরকার জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয়। যদিও সরকারের পক্ষ থেকে তাঁর বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে জানানো হয়।
পরবর্তী সময়ে ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
নতুন কমিটির তত্ত্বাবধানে শনিবার গণনা করা অর্থও আগের মতো সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবেই জমা রাখা হবে।
এম এইচ আ



