তৃতীয়বার বিয়ে, নতুন ইনিংস শুরু আমির খানের
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনি আনুষ্ঠানিকতার মাধ্যমে গৌরীর সঙ্গে নতুন জীবনের সূচনা করেন তিনি।
বিয়ের আয়োজন ছিল একেবারেই অনাড়ম্বর। কোনো তারকাবহুল অনুষ্ঠান বা জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় সব আনুষ্ঠানিকতা। এ সময় আমিরের তিন সন্তানও বাবার জীবনের বিশেষ এই মুহূর্তের সাক্ষী ছিলেন।
আমির খান ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম দেখা হলেও পরে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খানের উদ্যোগে বেঙ্গালুরুতে আবার তাদের দেখা হয়। সেই পুনর্মিলন থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা পরবর্তীতে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।
শুরুর দিকে দু’জনকে দীর্ঘ দূরত্বের সম্পর্ক বজায় রাখতে হয়। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির থাকতেন মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী নিজের সন্তানকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন এবং শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে পরিণতি পায়।
আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তাদের সংসারে দুই সন্তান, জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনের বিষয়ে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র ছেলে আজাদের জন্ম হয় ২০১১ সালে সারোগেসির মাধ্যমে। তবে ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই সাবেক দম্পতি।
দু’টি বৈবাহিক অধ্যায়ের পর এবার গৌরীকে জীবনসঙ্গী করে নতুন অধ্যায় শুরু করলেন আমির খান। দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ভালোবাসাকে বিয়ের বন্ধনে রূপ দিয়ে জীবনের নতুন পথচলা শুরু হলো বলিউডের এই জনপ্রিয় অভিনেতার।
- নীরব চাকলাদার



