পুতিনকে ইউক্রেন যুদ্ধের সমাধানে সহায়তার প্রস্তাব ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান এবং সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের আগে দুই নেতার প্রায় ৯০ মিনিটের ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
রবিবার (৫ জুলাই) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, শনিবার (৪ জুলাই) ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপ হয়। এতে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
উশাকভ বলেন, ট্রাম্প আবারো যুদ্ধ দ্রুত শেষ করতে এবং চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ফোনালাপকে ‘ব্যবসায়িক ও যথেষ্ট গঠনমূলক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া তাদের মৌলিক অবস্থান বিবেচনায় রেখে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাধান চায়।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, শনিবার তার সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছে। তিনি বলেন, দুই নেতা ইউক্রেনের ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্ট নিয়ে আলোচনা করেছেন।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করার বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়েও তারা একমত হয়েছেন।
আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্পসহ ৩২টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, যুদ্ধক্ষেত্রে গত কয়েক মাসে কোনো পক্ষই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। ড্রোনের ব্যাপক ব্যবহারের কারণে ভারী সামরিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং উভয় পক্ষই ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।
উশাকভ অভিযোগ করেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধ দীর্ঘায়িত এবং আরও তীব্র করতে চাইছে। তিনি বলেন, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার তেল শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কয়েকটি অঞ্চলে জ্বালানির সংকট তৈরি হয়েছে।
তিনি আরো জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে এবং একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।
এর আগে শুক্রবার রাশিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোস্তিয়ানতিনিভকা শহর তাদের নিয়ন্ত্রণে এসেছে। তবে শনিবার জেলেনস্কি ও ইউক্রেনের জেনারেল স্টাফ এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে।
গত মাসে জেলেনস্কি পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানালেও ক্রেমলিন তা প্রত্যাখ্যান করে।
উশাকভ আরো জানান, ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুদ্ধের সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে আবারও মস্কো সফরে যেতে প্রস্তুত। তবে তার দাবি, বর্তমানে ইরান-সংক্রান্ত সংঘাতের কারণে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা কিছুটা শ্লথ হয়ে পড়েছে।
এ ছাড়া, পুতিন আশা প্রকাশ করেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত এমন একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে, যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নিষ্পত্তিতে সহায়ক হবে।
নীরব চাকলাদার



