জাফলংয়ে ৬ হাজার ঘনফুট বালু জব্দ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ধ্বংস করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এসময় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা তাৎক্ষণিকভাবে ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধ উপায়ে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নীরব চাকলাদার



